যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ শিরোনামে হওয়া বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দেশজুড়ে রাস্তায় নেমে সাধারণ মানুষ ট্রাম্পের নেতৃত্ব ও নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
‘নো কিংস’ নামের এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকেই লাখ লাখ মানুষ অংশ নেয়। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতা করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে গত বছরের অক্টোবরেও একই নামে আন্দোলন হয়েছিল। তবে এবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় প্রায় ১০ লাখ বেশি।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পবিরোধী এই আন্দোলন জোরদার হয়। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প বিচারবিভাগ ও প্রশাসনের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান, যা অনেকের কাছে ‘রাজতান্ত্রিক’ আচরণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। এর প্রতিবাদেই ‘নো কিংস’ আন্দোলনের মাধ্যমে নাগরিকরা জানিয়ে দিচ্ছেন-তাদের দেশে কোনো রাজার স্থান নেই।
এছাড়া অভিবাসীদের ব্যাপকভাবে আটক ও নিজ দেশে ফেরত পাঠানো, গর্ভপাতবিরোধী অবস্থান এবং পরিবেশ সংক্রান্ত নীতির কারণেও ট্রাম্পের বিরুদ্ধে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।





