বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি, বর্ষসেরা ক্যাটাগরিতে মনোনয়ন পেলেন রিশাদ হোসেন।
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশের গত আসরে দারুণ ফর্মে ছিলেন। তার সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তিনি তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন।
২০২৫-২৬ মৌসুমের সাফল্যকে সম্মান জানাতে ক্রিকেট তাসমানিয়া পহেলা এপ্রিল বার্ষিক পুরস্কার বিতরণের আয়োজন করতে যাচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে এই আয়োজনে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হলো বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার, যেখানে মনোনয়ন পেয়েছেন রিশাদ।
এই ক্যাটাগরিতে রিশাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান এবং দলনেতা নাথান এলিস। এদের মধ্য থেকে একজন সেরা ক্রিকেটারের পুরস্কার অর্জন করবেন।
গত বিগ ব্যাশে বল হাতে অসাধারণ ছন্দে থাকা রিশাদ ৭.৮২ ইকোনমি রেটে ১৫টি উইকেট শিকার করেন। প্রতি উইকেট নিতে তিনি খরচ করেন ২০.৮৬ রান, আর তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।
এবারের আসরে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে হোবার্ট হ্যারিকেন্স টেবিলে তৃতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করে। পরে তারা নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার রাউন্ডে পৌঁছায়। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে তাদের অভিযান শেষ হয়।





