দীর্ঘদিন পর পারিবারিক নাটকে দর্শকদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল এটা আমাদেরই গল্প। তবে জনপ্রিয় এই ধারাবাহিকটি এখন শেষ পর্বের দিকে এগোচ্ছে, যা দর্শকদের জন্য এক ধরনের হতাশার খবর।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটির ৪৯ ও ৫০তম পর্বে আবেগঘন ঘটনাপ্রবাহ দর্শকদের নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ৪৯তম পর্বে ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামিরের (খায়রুল বাসার) বাবার মৃত্যুর দৃশ্য দর্শকদের চোখে জল এনে দেয়।
ইউটিউবে প্রকাশের পরই পর্বটি ব্যাপক সাড়া ফেলে-মাত্র এক দিনেই ১ কোটি ভিউ ছাড়িয়ে যায় ৪৯তম পর্ব। অন্যদিকে ৫০তম পর্বটি প্রকাশের মাত্র ৫ ঘণ্টায় ৪০ লাখের বেশি দর্শক দেখেছেন।
মন্তব্যের ঘরজুড়ে দর্শকদের আবেগ স্পষ্ট। কেউ লিখেছেন, ‘পৃথিবীর সব মা-বাবা বেঁচে থাকুক’, আবার কেউ নিজের বাস্তব জীবনের কষ্টের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন এই গল্পে।
অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসছে সামাজিক মাধ্যম। বিশেষ করে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদের অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। নির্মাতা রাজের বাস্তবধর্মী উপস্থাপনাও পেয়েছে প্রশংসা।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আবেগে ভাসিয়েছে। গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই-এ প্রচার শুরু হওয়া ধারাবাহিকটি মোট ৫২ পর্বে শেষ হবে।
নির্মাতা জানিয়েছেন, দর্শকদের অনুরোধের কথা মাথায় রেখে সমাপনী পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে বিশেষভাবে প্রচার করা হবে।





