আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা ২৫% বেড়ে ৪৫.৫০ কোটি টাকা, ১০% লভ্যাংশ ঘোষণা

বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ হিসাব বছরে ৪৫ কোটি ৫০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৩৯ শতাংশ বেশি। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৩৬ কোটি ৩২ লাখ টাকা।

সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আগের বছরও একই হারে লভ্যাংশ প্রদান করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগ আয় ও সুদ আয়ের প্রবৃদ্ধি, বহুমুখী কৌশলগত পোর্টফোলিও এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই মুনাফা বৃদ্ধি সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরের ৯৩ পয়সা থেকে বেড়েছে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ২৪১ কোটি ৫১ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪৩০। এর মধ্যে ৪০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। সরকারের হাতে রয়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ১০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ১৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ার।