মিরপুর স্টেডিয়ামে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক উন্নয়নমূলক উদ্যোগ হাতে নিচ্ছেন তামিম ইকবাল। মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দর্শক সুবিধা, পরিবেশ সুরক্ষা ও ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।

সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার সিস্টেম স্থাপনের চিন্তাভাবনার কথা জানিয়েছেন তিনি। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করছে বিসিবি। যদিও বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে।

দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে স্টেডিয়ামের যেসব অংশে এখনো ছাউনি নেই, সেখানে নতুন করে শেড বসানোর পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে স্কোরবোর্ড সংলগ্ন গ্যালারিতে কম মূল্যের টিকিটধারী দর্শকদের ভিড় বেশি হলেও সেখানে কোনো ছাউনি না থাকায় প্রচণ্ড গরমে তাদের ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্রায় ২৭ হাজার স্কয়ার ফিট এলাকায় কেনোপি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে প্রথম শ্রেণির ক্রিকেটে নতুনভাবে প্রথম ও দ্বিতীয় একাদশ গঠনের পরিকল্পনার কথাও জানান তামিম। তার মতে, বর্তমানে সীমিতসংখ্যক ক্রিকেটারই বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন, ফলে নিচের স্তরের খেলোয়াড়দের জাতীয় দলে উঠে আসার সুযোগ কমে যাচ্ছে। নতুন এই কাঠামো বাস্তবায়িত হলে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য আরও সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।