জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে হাইব্রিড ক্লাস চালুর উদ্যোগ

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ঢাকাসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনায় নতুন করে পরিকল্পনা করছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তারা সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব উত্থাপন করেছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল (বুধবার) এ বিষয়ে অফিস আদেশ জারি হতে পারে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর বিষয়ে আলোচনা হয়। প্রস্তাব অনুযায়ী, তিন দিন সরাসরি ক্লাস এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। জোড়-বিজোড় তারিখ বা শিক্ষার্থীদের রোল নম্বরের ভিত্তিতে ক্লাস ভাগ করার পরিকল্পনাও রয়েছে। অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ও বিজ্ঞান বিষয়গুলোর ক্লাস ল্যাবে সরাসরি নেওয়ার নির্দেশনা থাকবে।

দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ এবং একই সঙ্গে জ্বালানি, বিদ্যুৎ ও যাতায়াত সাশ্রয়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড (অনলাইন ও অফলাইন) পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।