আগামী এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বর্তমান দামই বহাল থাকবে। নতুন এ সিদ্ধান্ত ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বর্তমানে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এপ্রিল মাসেও এসব দামে কোনো পরিবর্তন আসবে না।
এর আগে সকালে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানানো হলেও, পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি আরও জানান, ৩০ মার্চ পর্যন্ত দেশে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে ১৫ থেকে ১৬ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন রয়েছে।
এছাড়া এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসবে বলে জানানো হয়েছে। এতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি ও গণপরিবহনে ব্যবহৃত হয়।
জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়।





