গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির একটি সূত্র জানিয়েছে, জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ দিয়ে চলাচল করে, তাহলে সেগুলোর ওপর হামলা চালানো হবে না।
তবে এ প্রস্তাব বাস্তবায়নের জন্য শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্তগুলো মেনে নেয়, তবেই এই ব্যবস্থা কার্যকর হবে।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। এর ফলে তেলবাহী জাহাজগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।
বর্তমানে প্রণালিতে শত শত জাহাজ আটকা পড়েছে এবং হাজারের বেশি নাবিক বিপাকে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া ইরানের জন্য সহজ নয়। কারণ সংঘাতের সময় ইরানি বাহিনী সেখানে জলমাইন স্থাপন করেছিল, যার সুনির্দিষ্ট অবস্থান এখন পুরোপুরি শনাক্ত করা যাচ্ছে না।
এদিকে পরিস্থিতি সামাল দিতে প্রণালিতে মাইন অপসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারি রয়েছে।
আন্তর্জাতিক মহলে দ্রুত হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।





