৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫-এ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সনদ সংক্রান্ত জটিলতায় স্থগিত থাকা প্রার্থীদের মধ্য থেকে ১৯০ জনকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িক মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মধ্যে ১৯০ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৭১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মনোনয়ন সাময়িক (প্রভিশনাল) এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এছাড়া অবশিষ্ট ২৪ জন স্থগিত প্রার্থীর বিষয়ে শিগগিরই পৃথক নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনসহ মোট ৩ হাজার ১২০ জনকে সাময়িক মনোনয়ন দেয় পিএসসি। তবে বিএমডিসি সনদ জমা না দেওয়ায় ২২৭ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়, পাশাপাশি তথ্য ঘাটতির কারণে একজন মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীর মনোনয়নও স্থগিত থাকে।
পরবর্তীতে স্থগিত প্রার্থীদের জন্য বিএমডিসি সনদ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে পিএসসি। নির্দেশনা অনুযায়ী ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত গুগল ফরমে সনদসংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়, এমনকি হার্ডকপি জমা দিলেও অনলাইন ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়।





