মোহাম্মদপুরে সেনাবাহিনী আটক করলো অস্ত্রসহ চাঁদাবাজ

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ জাহিরুল ইসলাম (৪৪) কে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৃষি মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে জাহিরুল ইসলামকে তার বাসা থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ মিমি পিস্তলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার অফিস থেকে আরেকটি একই ধরনের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তা জানান, জাহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। তার ভয়ে কেউ লিখিত অভিযোগ না দিলেও ব্যবসায়ীরা মৌখিকভাবে একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী সেনাবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে এবং দীর্ঘদিন ধরে চলা আতঙ্ক দূর করতে নিয়মিত সেনা টহল ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।