মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বাদশা মোড়ল (২৬)। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাদশা মোড়ল মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আইলিয়া গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম ওমর আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাদশা মোড়ল মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন সংগ্রহ শেষে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বাবুখালী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন। পথে মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।