ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে এফওয়াইপির আলোচনা সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে আলোচনা সভা আয়োজন করেছে ফোরাম অব ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সভায় আসন্ন সংসদ নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিতকরণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এফওয়াইপির উদ্যোগে দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব উপকরণ প্রচারের কার্যক্রমও শুরু করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘গণতন্ত্রের ভিত্তি হলো মানুষের ভোটাধিকার। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচনের সময় নয়, সবসময় জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।’ তিনি বলেন, তরুণ প্রজন্ম সচেতনভাবে এগিয়ে এলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম। তিনি বলেন, ভোটাধিকার রক্ষায় জনমত গড়ে তোলার কোনো বিকল্প নেই। এফওয়াইপির উপদেষ্টা রাশেদ উল হক সরকার জানান, সাধারণ মানুষ বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

জান্নাতুল ইলমি সূচনার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন।