রাজধানীর ভাষানটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে তিনি সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
অগ্নিকাণ্ডে বহু পরিবার তাদের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় যান ডা. জোবাইদা রহমান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন, যাতে তারা অন্তত প্রাথমিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।
সহায়তা কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার দিকটিও গুরুত্ব পায়। এ উপলক্ষে এলাকায় একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী ওষুধও বিতরণ করা হয়।
এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা ও চিকিৎসাসেবার সমন্বিত উদ্যোগকে একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।





