দুবাই মেরিনায় মিসাইলের ধ্বংসাবশেষ, ওরাকল ভবনে আঘাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই মেরিনা এলাকায় একটি ভবনে প্রতিহত করা ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ভবনটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বলে জানা গেছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) দুই দিন আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়ে ওরাকল, অ্যামাজন, ফেসবুকসহ ১৮টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। এর পরদিন শনিবার (৪ এপ্রিল) সকালে ওরাকলের ভবনে এই ধ্বংসাবশেষ আঘাত হানে।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় কোনো আগুন লাগেনি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিসরের নাগরিক এবং আহতদের মধ্যে দুইজন পাকিস্তানি ও দুইজন মিসরীয় রয়েছেন। শুক্রবার সংঘটিত ওই হামলায় স্থাপনাটিতে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হাবসান গ্যাস স্থাপনাটি দেশটির বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সেখানে উৎপাদন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা শুরু করে ইরান। প্রথমে সামরিক স্থাপনা লক্ষ্য করা হলেও বর্তমানে বাণিজ্যিক স্থাপনাও হামলার আওতায় আসছে। তবে দুবাই মেরিনার এ ঘটনায় নির্দিষ্টভাবে কোনো মার্কিন প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।