রাজধানীর ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের সড়কে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাপায় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন জানান, রাতে খবর পেয়ে বঙ্গভবনের সামনের সড়কে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।





