ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ভূপাতিত করা একটি যুদ্ধবিমানের পাইলট ও অপর এক ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। রোববার (৫ এপ্রিল) সকালে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে সংবাদমাধ্যম এক্সিওস জানায়, শনিবার রাতে দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়। আর বিমান ভূপাতিত হওয়ার দিন শুক্রবারই পাইলটকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন ক্রু সদস্য এখন সম্পূর্ণ নিরাপদ।”
তিনি জানান, ইরানের দুর্গম এলাকায় আটকা পড়া ওই সেনাকে উদ্ধারে অত্যন্ত পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক নেতৃত্ব সার্বক্ষণিক তার অবস্থান পর্যবেক্ষণ করছিলেন।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তার নির্দেশনায় শক্তিশালী অস্ত্রে সজ্জিত একাধিক যুদ্ধবিমান অভিযানে অংশ নেয়। উদ্ধার হওয়া ক্রু কিছুটা আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, দ্বিতীয় অভিযানকে ঝুঁকিমুক্ত রাখতে আগে উদ্ধার হওয়া পাইলটের তথ্য গোপন রাখা হয়েছিল। সাম্প্রতিক সময়ে শত্রু সীমান্তের গভীর থেকে পৃথকভাবে দুই ক্রুকে উদ্ধারের ঘটনা এটিই প্রথম বলে দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা কখনোই আমাদের কোনো যোদ্ধাকে পেছনে ফেলে আসি না।” একই সঙ্গে কোনো মার্কিন সেনা হতাহত না হওয়াকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।
এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করে দেশটির সামরিক বাহিনীর সক্ষমতার প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প।




