ঢাকায় তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে অস্বস্তি বেড়েছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম আরও তীব্র হয়ে উঠছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা তাপমাত্রা আরও সামান্য বাড়াতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ফলে গরমের অনুভূতি আরও বেশি হচ্ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।

এদিকে দেশের সার্বিক আবহাওয়ার চিত্রে দেখা গেছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।