ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার দায়ে ছাবিনা বেগমের দুই বছরের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার অভিযোগে ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে এবং সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানী। তিনি জানান, ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহের ভিত্তিতে ছাবিনা বেগমকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে নির্বাচনী আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।