রংপুরের তারাগঞ্জ উপজেলার দুটি ভোটকেন্দ্র থেকে চারটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি কেন্দ্র থেকে দুটি করে মোট চারটি ক্যামেরা চুরি হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
তিনি জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে চুরির ঘটনাটি ঘটে। আজ সকালে বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নতুন সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
চুরি হওয়া ভোটকেন্দ্র দুটি হলো-তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল (লাঙ্গল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আজিজুর রহমান (তারা)।
বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
মোট ভোটারের মধ্যে ৩ হাজার ১১৬ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ আসনের ১৩৭টি ভোটকেন্দ্রের ৮০১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





