কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে মালয়েশিয়ার ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কারণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছে, জানানো হয়েছে ঢাকার মালয়েশিয়ান হাইকমিশনের পক্ষ থেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। এর ফলে নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলোও সাময়িকভাবে স্থগিত থাকবে।
হাইকমিশন জানিয়েছে, সিস্টেম উন্নয়নের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে কার্যক্রম পুনরায় চালু করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারও অত্যন্ত জরুরি সহায়তার প্রয়োজন হয়, তারা সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
জরুরি ই-মেইল: VLN-helpdesk@tridimas.com.my
হাইকমিশন আবেদনকারীদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সেবা পুনরায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।





