বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল বুধবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরে বৃহস্পতিবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।





