থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত

থাইল্যান্ড থেকে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে এই পরিমাণ সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এই তেল ক্রয়ে মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সয়াবিন তেলের পাশাপাশি দেশের জরুরি চাহিদা পূরণে মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবেও সম্মতি দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। সংশ্লিষ্ট পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে দ্রুত আমদানি প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে পণ্যের মান নিশ্চিত করা যাবে এবং স্বল্প সময়ের মধ্যে এসব পণ্য স্থানীয় বাজারে সরবরাহ সম্ভব হবে। বিশেষ করে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বিবেচনায় সয়াবিন তেলের এই আমদানি বাজারে স্থিতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।