বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে দেড় বছরের এক কন্যাশিশু। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত শিশুটিকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার উন্নত চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়।

আতিকুর রহমান রুমন আরও বলেন, শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সকল ব্যয়ভার বহনের নির্দেশও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটির বাবা-মাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।