হরমুজ প্রণালি দ্রুত মুক্ত হবে: ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো সহযোগিতা না করলেও অল্প সময়ের মধ্যেই এই প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণমুক্ত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে জোরালো হামলা চালাচ্ছি- মূলত উপকূল ও জলভাগকে কেন্দ্র করেই এ অভিযান। এতে দ্রুত ফল পাওয়া যাবে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা ও সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়- যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ প্রণালিটি ব্যবহার করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। গত ১৭ দিনে অন্তত ১২টিরও বেশি জাহাজে হামলার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

এই নিরাপত্তা সংকটের কারণে হরমুজ দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দামে।

এ পরিস্থিতিতে অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প এবং মিত্র দেশগুলোকে হরমুজে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর আহ্বান জানান। যদিও ইউরোপ ও এশিয়ার অনেক মিত্র দেশ এতে সাড়া দেয়নি।

তবে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তার আহ্বানে সাড়া দিয়েছে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের দেশগুলো ও ইসরায়েল অসাধারণ সহযোগিতা করছে।”

এদিকে, সংযুক্ত আরব আমিরাতও হরমুজ প্রণালি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার হরমুজ প্রণালির তীরবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) ব্যাপক বোমাবর্ষণ চালায়। এতে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।