ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে আইএমএফ ও বিশ্বব্যাংক

ভেনেজুয়েলার সঙ্গে দীর্ঘ বিরতির পর আবারও সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক।

২০১৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নিকোলাস মাদুরো এবং হুয়ান গুয়াইদোর মধ্যে বৈধ নেতৃত্ব নিয়ে সংকট দেখা দিলে কারাকাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওয়াশিংটনভিত্তিক এই দুই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রশাসনের সঙ্গে তারা পুনরায় কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, সদস্য দেশগুলোর মতামতের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত ভেনেজুয়েলার জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

আইএমএফের ঘোষণার পরপরই বিশ্বব্যাংকও একই অবস্থান জানায়। প্রতিষ্ঠানটি উল্লেখ করে, তারা সর্বশেষ ২০০৫ সালে ভেনেজুয়েলাকে ঋণ সহায়তা দিয়েছিল।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্র রদ্রিগেজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই এই সিদ্ধান্ত এসেছে, যা তাকে আন্তর্জাতিকভাবে আরও বৈধতা দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে সাবেক প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় রদ্রিগেজ ক্ষমতায় আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলা দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হলো। দেশটি বর্তমানে ১৫০ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বলে ধারণা করা হয়।