দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর রানওয়েতে আকাশ এয়ার ও স্পাইসজেট-এর দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় বিমানের ডানার অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে স্পাইসজেটের বিমানের ডান পাশের উইংলেট এবং আকাশ এয়ার-এর বিমানের বাম দিক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে দুটি বিমানের উড়ান স্থগিত করা হয়েছে। হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, লাদাখ থেকে আসা স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি অবতরণের পর টারম্যাকের দিকে যাচ্ছিল। এসময় রানওয়েতে অবস্থানরত আকাশ এয়ারের বিমানের সঙ্গে এর সংঘর্ষ ঘটে।

ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।