রাজ্যসভায় শপথ নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা-এর সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এ সময় মাতৃভাষা বাংলায় শপথ পাঠ করে তিনি উপস্থিত সবার নজর কাড়েন।

শপথ অনুষ্ঠানে কোয়েল মল্লিকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার বাবা প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের সদস্যরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি তার নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করে শপথ নেন। মূলত তার দাপ্তরিক নাম রুক্মিণী হলেও পর্দার নাম কোয়েল মল্লিক হিসেবে তিনি পরিচিত। শপথের সময় সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি নিজের আসল নামই ব্যবহার করেন।

কোয়েল মল্লিকের এই নতুন রাজনৈতিক যাত্রা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।