ট্রাম্পকে ইরান চুক্তির সময় বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে নির্ধারিত সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে তিনি ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম X (Twitter)-এ দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ইতোমধ্যে আশাব্যঞ্জক অগ্রগতি দেখাচ্ছে। এ প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে সময়সীমা বাড়ানো প্রয়োজন।

তিনি লেখেন, “কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত দৃঢ়ভাবে এগিয়ে চলছে এবং এটি একটি অর্থবহ সমাধানের দিকে যেতে পারে। তাই প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য আমি বিনীত অনুরোধ করছি।”

একইসঙ্গে তেহরানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়টিকে ‘শুভেচ্ছার নিদর্শন’ হিসেবে বিবেচনা করে ইরান যেন হরমুজ প্রণালী উন্মুক্ত রাখে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এবং কূটনৈতিক উপায়ে সংঘাতের অবসান ঘটাতে সব পক্ষকে অন্তত দুই সপ্তাহের জন্য সর্বাত্মক যুদ্ধবিরতি মেনে চলা উচিত।