ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ: কমনওয়েলথ পর্যবেক্ষণ মিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা নজরে এসেছে। এ অবস্থায় সব অংশীজনকে শান্ত ও সংযত থাকার পাশাপাশি যেকোনো বিরোধ প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করার আহ্বান জানান তিনি।

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণ, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশংসার দাবিদার।

তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা পরিচালনার জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে সব পর্যবেক্ষকের সুপারিশ অন্তর্ভুক্ত করে ভালো চর্চা নিশ্চিত করা যায়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে উদারতা ও ঐক্য বজায় রাখার আহ্বানও জানান তিনি।