জ্বালানি তেলের অবৈধ কারবার ও পাচার রোধে চট্টগ্রামের পতেঙ্গায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে একটি গোপন আস্তানা থেকে ৩০টি ড্রামে সংরক্ষিত প্রায় ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে অসাধু চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা জ্বালানি তেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, একটি চক্র সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় অবৈধভাবে তেল সরিয়ে নিয়ে তা স্থানীয় বাজারে বিক্রি করছিল। চক্রটির মূল হোতাদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।





