হাটহাজারীতে জিপের ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে কাঠবোঝাই একটি জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামে আরেক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী–নাজিরহাট সড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এমরান চৌধুরী চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের চা পান শেষে এমরান চৌধুরী ও আরিফ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা কাঠবোঝাই একটি জিপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে জিপের নিচে আটকে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এমরানকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত জিপ এবং চালকের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।