বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।
সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না-তা পর্যবেক্ষণ করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করা হয়।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের এ উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের উন্নয়ন, অগ্রগতি এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।





