ভোটগ্রহণের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫০ লাখ টাকা নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করতেও কোনো আইনগত বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করার ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।
ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন-এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, অর্থটি যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে প্রমাণ করা যায়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে একজন নাগরিক ইচ্ছামতো পরিমাণ টাকা বহন করতে পারেন।
তবে অর্থের ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এই টাকা যদি ভোটে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি দেখবে। আর অর্থ যদি অবৈধ উপায়ে অর্জিত বা কালো টাকা হয়, সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে। এ ঘটনার পর নির্বাচনকালে টাকা বহনের আইনগত বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।





