দেশের নারী ক্রিকেটারদের বিপিএল আয়োজন নিয়ে এতদিন ছিল কেবল আশ্বাস। এবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজন করা হবে।
বিশ্বের অন্যান্য বড় ফ্র্যাঞ্চাইজি লিগের মতো-নারীদের আইপিএল, নারীদের বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডে যেখানে নারীদের জন্য আলাদা টুর্নামেন্ট রয়েছে-এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশও।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারীদের বিপিএল চালুর ঘোষণা দেয় বিসিবি।
প্রথম আসরে তিনটি দল অংশ নেবে। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে শীর্ষস্থান অর্জন করে সাফল্যের সঙ্গে দেশে ফিরেছে বাংলার মেয়েরা।





