দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যের সমালোচনা করেছে চীন। বেইজিং বলেছে, মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিবাদ জানান।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি আরও জানান, চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পর্কের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এ মন্তব্যের জবাবে চীনা মুখপাত্র বলেন, এই ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ সম্পর্ককে একপক্ষীয়ভাবে উপস্থাপন করেছেন।
মুখপাত্র আরও বলেন, চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমর্থনের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে। দুই দেশের সহযোগিতা বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের উৎকৃষ্ট উদাহরণ। চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি জোর দিয়ে বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে তৈরি নয়। বাইরের কোনো শক্তি এ সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। হস্তক্ষেপ বা বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।





