ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে ভোটকেন্দ্র পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, গতকাল থেকেই ভোটাররা গুজব, ভোটকেন্দ্র দখল ও ষড়যন্ত্র প্রতিহত করেছেন। আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং জনগণ ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে ভোট দিচ্ছেন।
তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে জাল ভোটের চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারীদের হেনস্তা এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট চুরি ও কেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা প্রতিরোধ করতে হবে। নিজের ভোট সুরক্ষায় ভোটকেন্দ্রের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াতের আমির বলেন, এখন পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করেছেন। তবে পরিস্থিতি মোকাবিলায় আরও দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। যারা কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের ভোট জনগণের আমানত-এটি রক্ষায় প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে।





