ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক ভোটকেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের প্রকৃত মতামত প্রতিফলিত হচ্ছে না বলেও অভিযোগ করেন।
অধ্যাপক রেজাউল করিম এসব অনিয়মে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।





