শাহরাস্তিতে জাল ভোট: বাবা-ছেলেসহ তিনজনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোট দেওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

জানা যায়, বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার ছেলে মো. সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু সাফায়েত হোসেনকে এক মাস এবং সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

অন্যদিকে, খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই গ্রামের আবু সৈয়দের ছেলে মো. সজিবকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জাল ভোট দেওয়ার ঘটনায় তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।