ঢাকা–১৩ আসনের ১১ দল সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু ভোটকেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা রয়েছে এবং বিভিন্ন এলাকায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
সুনির্দিষ্ট স্থান জানতে চাইলে মামুনুল হক অভিযোগ করেন, রায়ের বাজারের ৩৪ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি রাজেশ খানের নেতৃত্বে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইউসেফ স্কুল কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। এছাড়া ৩৪ নম্বর ওয়ার্ডের প্রায় সব কেন্দ্রের বাইরে একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে।
তিনি আরও অভিযোগ করেন, আগারগাঁও ও তালতলা এলাকার কয়েকটি ভোটকেন্দ্রেও ঝামেলার খবর পাওয়া যাচ্ছে।





