নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াত সংবলিত একটি পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে নাসীরুদ্দিন পাটওয়ারী লেখেন, “হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে হাজারো সমর্থক তাদের অনুভূতি প্রকাশ করেন।
শহিদুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, “সাবাস বস। হেরে গিয়েও আমরা জিতে গেছি। দিন দিন আপনার ওপর ভালোবাসা বেড়ে যাচ্ছে।”
অন্যদিকে আকিমুল ইসলাম আতিক লেখেন, “যদি তুমি হেরে যাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও, তুমিই বাংলাদেশ।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নেন নাসীরুদ্দিন পাটওয়ারী। একই আসনে বিএনপির প্রভাবশালী প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনটি ব্যাপক আলোচনায় আসে। শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকে জয়ী হন বিএনপির এই হেভিওয়েট নেতা।





