ফ্রান্সে ম্যাচ শেষে সংঘর্ষ, ২৪ লাল কার্ড-ফুটবলে নজিরবিহীন ঘটনা

ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার জন্ম হয়েছে, যেখানে একটি ম্যাচ শেষে ২৪টি লাল কার্ড দেখানো হয়েছে। মরবিহান অঞ্চলে আঞ্চলিক ডার্বি ম্যাচটি শেষ পর্যন্ত চরম বিশৃঙ্খলায় রূপ নেয়।

আভেনির দে গুইলে ও ইন্দেপেন্দান্ত দে মোরোনের মধ্যকার দ্বিতীয় সারির লিগ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। কিন্তু শেষ বাঁশি বাজতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে দুই দলের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়, যা পরে খেলোয়াড়দের সংঘর্ষে রূপ নেয়। এতে মাঠে এক অভিভাবকও জড়িয়ে পড়েন।

স্থানীয় গণমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস জানায়, মোরোন দলের এক খেলোয়াড়ের বাবা তার ছেলেকে রক্ষা করতে মাঠে ঢুকে পড়েন। এরপর ধাক্কাধাক্কি, হাতাহাতি ও মাথায় আঘাতের ঘটনা ঘটে। এতে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি কঠোর সিদ্ধান্ত নেন এবং ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে লাল কার্ড দেখান। এর মধ্যে ১৩ জন গুইলিয়ের্স ও ১১ জন মোরোনের খেলোয়াড় ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ চলাকালে কেউ কেউ লাঠিও ব্যবহার করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর আঞ্চলিক ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি তদন্ত করবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনাও রয়েছে।

এর আগে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোঅ্যাতলেতিকো মিনেইরো-এর ম্যাচে ২৩টি লাল কার্ড দেখানো হয়েছিল। তবে ফ্রান্সের এই ঘটনা সেই নজিরকেও ছাড়িয়ে গেছে।