বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের হাবিবনগর ও ফজুর বাড়ি মোড় এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া হিজড়ারা হলেন কাজলী (আইঘরটেকপাড়া), ইমন (খালপাড়া), কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হিজড়া সেজে ওই চক্র হাইওয়েতে চাঁদা তুলত। তারা বিমানবন্দর থেকে ফেরার সময় প্রবাসীদের গাড়ি লক্ষ্য করত এবং চাঁদা না দিলে গাড়ি আটকে ভয় দেখাত। এ কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে ছিল।
ওসি তরিকুল ইসলাম জানান, শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় এই চক্র দীর্ঘদিন ধরে মানুষকে হয়রানি করছিল। মানবিক কারণে পুলিশ আগে ব্যবস্থা নেনি। তবে ১৫ সেপ্টেম্বর একদল প্রবাসীর গাড়ি থেকে চাঁদা না পাওয়ায় তারা গাড়ি আটকে মারধর করলে প্রবাসীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।





