৬২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ড ও গ্ল্যামরগানের সাবেক ক্রিকেটার হিউ মরিস। মরিস ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বও পালন করেছেন।
২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হন মরিস। তারপরও তিনি সেই বছরই কাজে ফেরেন, কিন্তু দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারেননি। চিকিৎসা ও পরিবারের প্রতি সময় দেওয়ার কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গ্ল্যামরগানের প্রধান নির্বাহী পদ থেকে অবসর নেন।
ক্রিকেট ক্যারিয়ারে মরিস ছিলেন আগ্রাসী ব্যাটার। গ্ল্যামরগানের অধিনায়ক হিসেবে তিনি দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং ১৯৯৩ সালে সানডে লিগ শিরোপা জয় করেন। এছাড়া ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দিয়েছেন এই সাবেক ক্রিকেটার।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ ১৬ বছর ইসিবিতে বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন মরিস। প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে তিনবার অ্যাশেজ সিরিজে পরাজিত করে।
হিউ মরিস ১৯৯১ সালের ২৫ জুলাই প্রথমবার ইংল্যান্ডের জার্সিতে খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনটি টেস্ট ম্যাচে অংশ নেন এবং ১১৫ রান করেন। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪৫, গড় ১৯.১৬ এবং স্ট্রাইক রেট ৩৬.১৬।





