নির্বাচনে সীমান্তবর্তী ৬২ উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তবর্তী ৬২টি উপজেলায় এককভাবে নির্বাচনি নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনী নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ স্কোয়াড ব্যবহারের পাশাপাশি বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সর্বোচ্চ সমন্বয়ে কাজ করবে বিজিবি।