ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন কারাগারে নির্ধারিত বুথে এ কার্যক্রম চলছে, যা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার অংশ নিচ্ছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাসহ ২২ জন বিশিষ্ট ব্যক্তি পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের মধ্যে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট আগেই সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি ছুটির কারণে ভোটের সময়সীমা ৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়েছে।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, সকাল ১১টা থেকে ১০টি বুথে ভোটগ্রহণ চলছে এবং বন্দিরা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে ভোট দিচ্ছেন। উল্লেখ্য, দেশের সব কারাগারের মধ্যে কেরানীগঞ্জেই সবচেয়ে বেশি কারাবন্দি ভোটার রয়েছেন।





