২০২৫–২৬ অর্থবছরে নতুন বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। সরকার এই প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করবে; কোনো হার্ডকপি, ই-মেইল বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার উপসচিব মো. আব্দুল হান্নানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আবেদন করতে নির্ধারিত লিংকের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd), কারিগরি শিক্ষা অধিদপ্তরের (www.dte.gov.bd), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (www.dme.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (www.banbeis.gov.bd) ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬” এবং “বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬” অনুযায়ী পরিচালিত হবে।





