মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।
রোববার (৭ মার্চ) আরও ২৬টি ফ্লাইট বাতিল হওয়ায় গত নয় দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, যুদ্ধপরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং সৌদিয়া এয়ারলাইনসের (রিয়াদ) ২টি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে।





