শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে স্কুল-কলেজে নতুন উদ্যোগ

দেশের মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক, লাইফস্টাইল ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) প্রকাশিত মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুত করা ম্যানুয়াল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে এই প্রশিক্ষণের আয়োজন করবেন।

এছাড়া প্রশিক্ষণের সুফল দীর্ঘস্থায়ী করতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পুলের প্রধান দায়িত্ব হবে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দৈনন্দিন অনুশীলন নিয়মিত তদারকি করা। তবে এই পুলের কার্যক্রম নির্ধারিত ম্যানুয়ালের বাইরে অন্য কোনো বিষয়ে সম্প্রসারণ করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্যও পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটসের সহায়তা নেওয়া হবে। স্কুল পর্যায়ে স্কাউট এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। প্রয়োজন হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির জন্য শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা যাবে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই কার্যক্রম বাস্তবায়নে সমস্যায় পড়লে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করতে পারবে। একই সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।