আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক প্রকাশ

মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শোক প্রকাশ করে এবং আনুষ্ঠানিক শোক বইয়ে স্বাক্ষর করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি দূতাবাসে গিয়ে ইরানের জনগণ ও আয়াতুল্লাহ খামেনির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেয়।

এসময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।