কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে দায়ের করা মামলায় আদালত খালাসের রায় ঘোষণা করেছেন।
সোমবার (৯ মার্চ) ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন।
আসামি পক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ৩ মার্চ আদালত মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করেছিল এবং যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য সোমবার দিন নির্ধারণ করেছিল। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তিনি গণমাধ্যমকে জানান, ন্যায়বিচার পেয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্গত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার মামলাটি তেজগাঁও থানায় দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর পুলিশ (সিআইডি) চার্জশিট দাখিল করে। ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।





